
চোরাচালান রোধে অভিযান চালিয়ে মায়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ রাসায়নিক সারসহ তিন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। বুধবার (২ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে চট্টগ্রামের হালিশহর থানাধীন দবিরখাল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড বেইস চট্টগ্রামের একটি দল দবিরখাল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় অবৈধভাবে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে ট্রাক থেকে ফিশিং বোটে সার স্থানান্তরের সময় প্রায় ৫ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ২২০ বস্তা, অর্থাৎ ১১ হাজার কেজি রাসায়নিক সার জব্দ করা হয়। একই সঙ্গে পাচারকাজে ব্যবহৃত একটি ট্রাক ও তিন পাচারকারীকে আটক করা হয়।
জব্দকৃত সার, পাচারকাজে ব্যবহৃত ট্রাক ও আটক ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হালিশহর থানায় হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা আরও বলেন, চোরাচালান রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।